রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আদালতের এক কর্মচারীর ব্যাগ তল্লাশি করতে চাওয়াকে কেন্দ্র করে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১০-এর বিচারক শাহিদুল ইসলামের বিরুদ্ধে এক পুলিশ কর্মকর্তাকে খাসকামরায় ডেকে নিয়ে মারধরের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিচার বিভাগীয় অঙ্গনে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার দিন কমলাপুর রেলওয়ে স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্যরা নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন।
সূত্র জানায়, তল্লাশির অংশ হিসেবে আদালতের ওই পিয়নের ব্যাগ চেক করতে চান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা। কিন্তু পিয়ন তার পরিচয় দিয়ে ব্যাগ তল্লাশিতে বাধা দেন এবং বিচারককে বিষয়টি জানান। এরপরই বিচারক শাহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ কর্মকর্তাকে তার খাসকামরায় ডেকে পাঠান বলে অভিযোগ পাওয়া যায়। খাসকামরায় নিয়ে যাওয়ার পর কথাকাটির একপর্যায়ে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার সহকর্মীরা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। একই সাথে বিচারিক এখতিয়ার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার আমলেও বিচার বিভাগের অপব্যবহার নিয়ে বিভিন্ন অভিযোগ উঠেছিল, যা নিয়ে আজও নানা আলোচনা রয়েছে। বর্তমানে বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় এবং এই অনভিপ্রেত ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্ট