মানিকগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে মনোনীত হয়েছেন সিংগাইর থানার এসআই মো. আব্দুল জলিল। এ অর্জনে সংশ্লিষ্ট মহলে প্রশংসার জোয়ার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম, আনুষ্ঠানিকভাবে তাকে সম্মাননা প্রদান করেন। এ সময় তার হাতে নগদ অর্থ ও সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তার ধারাবাহিক সাফল্য ও পেশাগত নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল জলিল তার অনুভূতি প্রকাশ করে বলেন, “সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের। দায়িত্ব পালনের ক্ষেত্রে আমি সবসময় সততা ও নিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
তিনি তার এই সাফল্যের জন্য সিংগাইর থানার সকল অফিসার ও ফোর্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে বিশেষভাবে ধন্যবাদ জানান সিংগাইর সার্কেলের সিনিয়র এএসপি জনাব ফাহিম আসজাদ এবং অফিসার ইনচার্জ জনাব মাজহারুল ইসলামকে, যাদের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা তার কাজকে আরও গতিশীল করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিল কার্যক্রমে তার দক্ষতা, তৎপরতা ও দায়িত্ববোধ জেলার আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তার এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতে অন্যদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, অপরাধ দমন ও বিচার কার্যক্রমকে ত্বরান্বিত করতে ওয়ারেন্ট তামিল একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বারবার স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে গৌরবের বিষয়।