ভোলার লালমোহনে কোস্ট ফাউন্ডেশনের আয়োজনে এবং পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ফরাজগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৯ নম্বর ওয়ার্ডের ১৮টি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্রিকেটসহ মোট ৯টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নিয়ে ২৪ জন প্রতিযোগী বিজয়ের গৌরব অর্জন করেন। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেট ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে কাপ ও মেডেল প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডাঃ আজাহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ আলীর সঞ্চালনায় ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন কোস্ট ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোঃ রায়হান।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোস্ট ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার রাবেয়া বিনতে খায়ের। নান্দনিক ও সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী কিশোর-কিশোরী এবং বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাবেয়া বিনতে খায়েরও বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীদের প্রতি সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করে বলেন, কিশোর-কিশোরীদের মেধা ও মননশীলতা বিকাশে কোস্ট ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।