ইয়েমেনে হুথিদের নিয়ন্ত্রিত সব এলাকা পুনর্দখলে নতুন সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে সৌদি-সমর্থিত দেশটির সরকার। রোববার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি এ ঘোষণা দেন। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই ঘোষণা নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক মহলে এর বড় ধরনের ভূরাজনৈতিক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
রোববার এক বিবৃতিতে তিনি জানান যে, প্রজাতন্ত্রের অবশিষ্ট ভূখণ্ড পুনরুদ্ধার এবং পুরো জাতীয় ভূখণ্ডজুড়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য এই সামরিক পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হয়েছে এবং মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেছে ইয়েমেন সরকার।
বিশ্লেষকদের মতে, এই সামরিক অভিযানের ফলে ইয়েমেনের অভ্যন্তরীণ সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে। তবে দেশটির সরকার মনে করছে, বিদ্রোহীদের দমন করা ছাড়া দেশের অখণ্ডতা রক্ষা করা সম্ভব নয়। অন্যদিকে হুথি বিদ্রোহীরাও এই ঘোষণার বিপরীতে কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা। সার্বিক পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়।
আরববাংলা টিভি/ডেস্ক