রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্রধারী ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। মঙ্গলবার চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপক ও সাধারণ সম্পাদক সোহেল রানা এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনগুলোরও নৈতিক দায়িত্ব।
নেতৃবৃন্দ অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাকর্মীদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংবাদকর্মীদের অবাধ চলাচল এবং পেশাগত নিরাপত্তার পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি জোর আহ্বান জানান তারা। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আরববাংলা টিভি/ডেস্ক