মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

স্থানীয় নির্বাচনে কারচুপি বরদাশত করা হবে না

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ

বর্তমান সরকার সমঝোতার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সাত মাস অতিক্রান্ত হলেও স্থানীয় নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা শেখ ফজলুল করীম মারুফ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণের যে সংস্কৃতি চালু ছিল, স্থানীয় নির্বাচনে তার পুনরাবৃত্তি ঘুরাতে চাচ্ছে একটি মহল। কিন্তু জনগণ আর কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা কারচুপি বরদাশত করবে না।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রাখতে একটি কুচক্রী মহল এখনো নানা পায়তারা চালাচ্ছে। দেশের মানুষ রক্ত দিয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ পেয়েছে, তাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করতে অবিলম্বে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। বিগত দিনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ যেভাবে দেশের গণতন্ত্রকে বিপন্ন করেছিল, তা থেকে শিক্ষা নিয়ে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার ওপর জোর দেন বক্তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD