রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সুইজারল্যান্ডের বিখ্যাত ৫ মসজিদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬ ২:৫৮ pm

ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণের সময় কাছাকাছি ইবাদতের জায়গা কোথায় আছে, তা জানা থাকলে ভ্রমণ অনেকটাই স্বস্তিদায়ক হয়। কারণ সফরের আনন্দের পাশাপাশি নামাজ ও আত্মিক প্রশান্তি সমান গুরুত্বপূর্ণ। ইদানীং মুসলিম পর্যটকদের কাছে পছন্দের গাইডলাইন হিসেবে সুইজারল্যান্ডের নাম বেশ ওপরের দিকেই উঠে আসছে।

চমৎকার পরিবেশ ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থার কারণে দেশটিতে দিন দিন মুসলিম পর্যটকদের আনাগোনা বাড়ছে। একই সঙ্গে কোন শহরে কোন মসজিদ রয়েছে, সেই তথ্য জানার আগ্রহও বাড়ছে। সুইজারল্যান্ডের বিখ্যাত পাঁচ মসজিদের তথ্য তুলে ধরা হলো।

১. পেতিত সাকোনেক্স বা জেনেভা মসজিদ

জেনেভায় অবস্থিত এই মসজিদ সুইজারল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রধান মসজিদ। শহরটির আন্তর্জাতিক ও কূটনৈতিক গুরুত্বের প্রতিফলন দেখা যায় এই মসজিদের আবহে। এর নির্মাণশৈলীতে ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপত্যের সঙ্গে আধুনিক ইউরোপীয় নকশার এক চমৎকার মেলবন্ধন রয়েছে।

বড় আকৃতির ও দৃষ্টিনন্দন এই মসজিদে রয়েছে বিশাল নামাজের জায়গা। প্রধান সড়ক ও গণপরিবহন ব্যবস্থার কাছাকাছি হওয়ায় এখানে যাতায়াত করাও বেশ সহজ। আন্তর্জাতিক জোন এবং আশপাশে প্রচুর হালাল রেস্তোরাঁ থাকায় জেনেভা সিটি ট্যুরের সময় পর্যটকেরা সহজেই এই মসজিদে ঢুঁ মারেন।

২. মাহমুদ মসজিদ, জুরিখ

ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে জুরিখের মাহমুদ মসজিদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি সুইজারল্যান্ডের ইতিহাসে প্রথম বিশেষভাবে নির্মিত মসজিদ, যা মুসলিম পর্যটকদের জন্য একটি বিশেষ দর্শনীয় স্থান। জুরিখের নগর সংস্কৃতির সঙ্গে মিল রেখে এর মিনার ও মূল কাঠামোটি তৈরি করা হয়েছে। শান্ত পরিবেশ ও চমৎকার ব্যবস্থাপনার কারণে প্রতিদিন এবং জুমার নামাজে এখানে প্রচুর মুসল্লি সমাগম হয়। ট্রামে চড়ে খুব সহজেই এই মসজিদে পৌঁছানো যায়।

৩. ওয়াঙ্গেন বেই ওল্টেন মসজিদ

সুইজারল্যান্ডের ইসলামী ইতিহাসের পাতায় ওয়াঙ্গেন বেই ওল্টেন মসজিদের নাম বেশ আলোচিত। একটি ছোট শহরের মধ্যে এর স্থাপত্যশৈলী ও ঐতিহ্যগত পরিচিতির কারণে মসজিদটি বেশ পরিচিতি লাভ করেছে। কোনো জাঁকজমক ছাড়াই অত্যন্ত সাধারণ অথচ নান্দনিক উপায়ে মসজিদটি তৈরি করা হয়েছে।

সুইজারল্যান্ডের মূল শহরগুলোর মাঝে যাতায়াতের পথে এই এলাকা পড়ে। যারা সেন্ট্রাল সুইজারল্যান্ড দিয়ে যাতায়াত করেন, তারা একটু বিরতি নিয়ে এই শান্ত ও সুশৃঙ্খল মসজিদে নামাজ আদায় করে নিতে পারেন।

৪. লুসান মসজিদ

সুইজারল্যান্ডের ফরাসি ভাষাভাষী অঞ্চলের মুসলিমদের জন্য লুসান মসজিদটি প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এর স্থাপত্যে বাহ্যিক চাকচিক্যের চেয়ে কার্যকারিতা ও শান্ত পরিবেশকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। নামাজ আদায়ের পাশাপাশি এখানে স্থানীয় মুসলিমদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডও পরিচালিত হয়।

লুসান শহরের প্রাণকেন্দ্র এবং গণপরিবহনের কাছাকাছি হওয়ায় পর্যটকদের জন্য মসজিদটি বেশ সুবিধাজনক স্থানে অবস্থিত।

৫. উইন্টারতুর মসজিদ

পূর্ব সুইজারল্যান্ডের উইন্টারতুর শহরে অবস্থিত এই মসজিদ স্থানীয় বৈচিত্র্যময় মুসলিম কমিউনিটির এক দারুণ মিলনমেলা। অহেতুক সাজসজ্জা এড়িয়ে অত্যন্ত পরিচ্ছন্ন ও শান্তভাবে নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে এই স্থান।

এখানকার আন্তরিক পরিবেশ এবং উইন্টারতুর শহরের কেন্দ্রস্থল থেকে সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে মুসলিম পর্যটকদের কাছে মসজিদটি বেশ জনপ্রিয়। বিশেষ করে যারা ট্রেন রুটে ভ্রমণ করেন, তাদের জন্য এই মসজিদে যাওয়া খুবই সুবিধাজনক।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD