রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে তীব্র যানজট, ভোগান্তিতে পৌরবাসী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ যানবাহনের স্ট্যান্ডের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে। দীর্ঘদিন ধরে পৌরশহরের প্রধান সড়কগুলো দখল করে চলছে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার অবৈধ স্ট্যান্ড। এর ফলে ব্যস্ততম এই এলাকায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটপাতে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট বসানোর পাশাপাশি ব্যবসায়ীদের মালামাল রাখার কারণে পথচারীদের হাঁটার কোনো উপায় থাকে না। বাধ্য হয়ে তাদের সড়ক দিয়ে চলাচল করতে হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া যত্রতত্র পার্কিংয়ের প্রবণতা তো রয়েছেই। গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারের প্রবেশপথগুলোতে যানবাহনের বিশৃঙ্খল অবস্থানের কারণে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে বিভিন্ন গামী যাত্রীদের।

জনদুর্ভোগের এই চিত্র নিয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে নামেমাত্র উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পর পরিস্থিতি আবার আগের মতো হয়ে যায়। অপরিকল্পিত এই নগরায়ন এবং আইনের কঠোর প্রয়োগের অভাবে সাধারণ মানুষের এই ভোগান্তি স্থায়ী রূপ নিচ্ছে। অবিলম্বে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD