সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দলে শহীদ শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ আছর গোবিন্দল জামটি বাজারে ‘গোবিন্দলবাসী’র উদ্যোগে এই শোকসভা ও মোনাজাতের আয়োজন করা হয়।
শরীফ ওসমান হাদীর শাহাদাত বরণে দেশে যখন শোকের ছায়া বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে আয়োজিত এই মাহফিল অনুষ্ঠিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ওসমান গনি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যক্ষ মুফতি মো. জামাল হোসেন।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবদুল্লাহ ফারুকী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাইখুল হাদীস আল্লামা হাবিবুল্লাহ। বক্তারা শহীদ শরীফ ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে বলেন, দেশের এই সূর্যসন্তান ন্যায়ের পথে যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। অতি দ্রুত তার খুনিদের আইনের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হক, মুহাদ্দিস সালাহউদ্দিন, মো. রিয়াজুল হক পোদ্দার, আবুল কাসেম পোদ্দার ও শামিম পোদ্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মাহফিলের শেষ পর্যায়ে শহীদ শরীফ ওসমান হাদীর কবরে জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজক ‘গোবিন্দলবাসী’র পক্ষ থেকে জানানো হয়, শরীফ ওসমান হাদীর স্মৃতি রক্ষার্থে এবং তার দেখানো পথে অবিচল থাকতে তারা ঐক্যবদ্ধ থাকবেন।