সাতক্ষীরায় মাদকদ্রব্যসহ হাতেনাতে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয়েও এমন অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার বিকেলে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারকৃত দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল মোস্তাইন বিল্লাহ এবং কনস্টেবল নাজমুল ইসলাম। এর মধ্যে মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ের এসএফ শাখায় কর্মরত ছিলেন। পুলিশ বাহিনীতে থেকে এ ধরনের মাদক কারবারে জড়িত থাকার ঘটনায় বিভাগীয় পর্যায়েও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কতৃপক্ষ গণমাধ্যমকে জানান, আইনের দৃষ্টিতে সবাই সমান এবং অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আরববাংলা টিভি/ডেস্ক