সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ

সহিংসতা সৃষ্টি ও বিশৃঙ্খলা তৈরির সঙ্গে জড়িতদের দমনে কঠোর হতে সরকারের নির্দেশনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে একই সঙ্গে পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা করে তাদের জীবনমানের উন্নয়ন ও তাদের নায্য অধিকার নিশ্চিত করার বিষয়েও বর্তমান সরকার সমানভাবে আন্তরিক রয়েছে বলে তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যে ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, তা দেশের সামগ্রিক অর্থনীতি এবং সার্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কোনোভাবেই ব্যাহত না হয়।

বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির সুদৃঢ় নিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত জরুরি। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের বিভিন্ন সেক্টরে নানা ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে, যা মূলত এক ধরনের গভীর ষড়যন্ত্রের অংশ। এই পরিস্থিতিতে কার্যতই নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসরদের যেকোনো ধরনের গোপন তৎপরতা কিংবা নাশকতা কঠোরহস্তে প্রতিহত করার জন্য গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এখন আগের চেয়ে অনেক বেশি তৎপর রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে আরও বলেন যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক অগ্রযাত্রাকে যারা ব্যাহত করতে চাইবে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আরও কঠোর করা হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে, শ্রমজীবী মানুষের নায্য দাবিদাওয়া পূরণের ক্ষেত্রে সরকার সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করে আসছে। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। অতীতে বিভিন্ন সময় এই খাত নিয়ে নানা ধরনের রাজনীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হলেও বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কোনো শ্রমিক যেন কোনো কুচক্রী মহলের দ্বারা প্ররোচিত হয়ে আইন নিজের হাতে তুলে না নেয়, সে বিষয়েও সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো হয়েছে। রাষ্ট্রবিরোধী যেকোনো অপতৎপরতা রুখে দিতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করবে বর্তমান প্রশাসন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD