প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের প্রকাশ্যে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খানসামা মডেল প্রেসক্লাব। দেশের একটি স্বনামধন্য জাতীয় দৈনিকের বিরুদ্ধে এ ধরনের আচরণ স্বাধীন গণমাধ্যমের কন্ঠরোধ করার অপচেষ্টা বলে মনে করছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
গত শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলেন রাশেদ খান। পত্রিকাটিতে সম্প্রতি প্রকাশিত তাঁর দুটি প্রতিবেদনের নেতিবাচক প্রতিক্রিয়ার জেরে তিনি এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন বলে জানা যায়। একজন দায়িত্বশীল পদে থেকে গণমাধ্যমকে এভাবে অসম্মান করার বিষয়টি সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
খানসামা মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে এক জরুরি বিবৃতিতে জানানো হয়, সংবাদ প্রকাশে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু তা আইনি প্রক্রিয়ায় সমাধান না করে প্রকাশ্যে পত্রিকা ছিঁড়ে ফেলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি হস্তক্ষেপ। দেশের এই সংকটময় মুহূর্তে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সকলকে আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
আরববাংলা টিভি/ডেস্ক