জাতীয় সংসদে পবিত্র কুরআন ও সুন্নাহর বিধানের পরিপন্থী সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল ২০২৬ পাসের মাধ্যমে আল্লাহ প্রদত্ত বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে কুরআন-সুন্নাহবিরোধী ও ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী বিলটির বিতর্কিত ধারা বাতিলের জোরালো দাবি জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা।
গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ বলেন, দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ ধরনের আইন পাস করা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়। কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন এ দেশের তৌহিদি জনতা কখনো মেনে নেবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, অতীতেও ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা ইসলামবিরোধী বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল, যার বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজ ও জনতা সবসময় সোচ্চার ছিল। বর্তমান সময়েও এ ধরনের বিতর্কিত আইন প্রণয়নের প্রচেষ্টা দেশ ও জাতির জন্য শুভকর নয়। তাই অবিলম্বে এই বিলের বিতর্কিত অংশগুলো সংশোধন করে জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, দেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কুরআন-সুন্নাহর পরিপন্থী যেকোনো আইন প্রণয়ন থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ছাত্রশিবির। অন্যথায় জনমতকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলারও হুশিয়ারি দেওয়া হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক