বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শ্রীপুরে কলেজছাত্রী অপহরণে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে এক কলেজছাত্রীকে অপহরণের গুরুতর অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই চরম নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং নিরাপদে নিজের মেয়েকে ফিরে পাওয়ার আকুল আবেদন জানিয়েছেন ওই শিক্ষার্থীর মা।

বুধবার রাত আটটার দিকে শ্রীপুর প্রেস ক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ছাত্রীর মা এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, অভিযুক্ত ছাত্রদল নেতা মো. রিজভী দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিভিন্নভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রতিবাদ করায় এবং প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত কয়েকদিন আগে ফিল্মি কায়দায় অস্ত্রের মুখে জোরপূর্বক তার মেয়েকে তুলে নিয়ে যায় রিজভী ও তার সহযোগীরা।

ঘটনার পর স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ করেও এখন পর্যন্ত মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন অসহায় মা। তিনি কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, প্রভাবশালী ওই ছাত্রদল নেতার হুমকির কারণে তারা পরিবারসহ চরম জীবননাশের আশঙ্কায় রয়েছেন। অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করে অপহৃত মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রধান অভিযুক্তসহ সকল সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন ক্ষুব্ধ এলাকাবাসী ও পরিবারের স্বজনেরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD