সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনসংলগ্ন নীলডুমুর এলাকায় একটি মুরগির খামার থেকে প্রায় ১৭ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বন বিভাগ ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) যৌথ উদ্যোগে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
বুধবার সকালে স্থানীয় বাসিন্দা আতিয়ার রহমানের ছেলে মুক্তার গাজীর বাড়ির মুরগির খামারে সাপটি দেখতে পান স্থানীয়রা। বন্যপ্রাণী ও সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয়দের এমন সচেতনতা এবং দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মুক্তার গাজী সাংবাদিকদের জানান, মঙ্গলবার থেকেই খামারের আশপাশে মুরগি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছিল এবং অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। পরবর্তীতে বুধবার সকালে খামারে প্রবেশ করে সাপটি দেখতে পান তারা।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় বন বিভাগ ও সিপিজি সদস্যরা। তাদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরবর্তীতে সুন্দরবনের গভীর অরণ্যে সাপটিকে অবমুক্ত করা হয়েছে বলে বন বিভাগ সূত্রে জানা গেছে।
ডেস্ক রিপোর্ট