রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিক্ষক নিয়োগে দলীয়করণের প্রতিবাদে জাতীয় যুবশক্তির বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ

সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নগ্ন দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয় ক্যাডারদের নিয়োগ নিশ্চিত করে প্রকৃত ও মেধাবী যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার তীব্র অভিযোগ তুলে রাজধানী ঢাকায় এক জোরালো বিক্ষোভ মিছিল করেছে জাতীয় যুবশক্তি-এনসিপি।

শনিবার সন্ধ্যা ৭টায় বাংলামোটরে অবস্থিত জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ প্রার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং নিয়োগ প্রক্রিয়ায় বৈষম্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মেধার মূল্যায়ন না করে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর মদদপুষ্ট হয়ে প্রশাসনিক পক্ষপাতিত্বের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করার চেষ্টা চলছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের বিভিন্ন বৈষম্যমূলক ও দলীয় নীতি এখনও বহাল রেখে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার যেকোনো পাঁয়তারা যুবসমাজ রুখে দেবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

নেতৃবৃন্দ আরও জানান, শিক্ষা খাতের মতো একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দলীয়করণ চলতে দেওয়া যায় না। অবিলম্বে পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি বন্ধ করে সম্পূর্ণ মেধার ভিত্তিতে সহকারী শিক্ষক পদে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করার জোর দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন জাতীয় যুবশক্তির নেতারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD