বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

লোহাগাড়ায় পা কেটে ১২ বছরের শিশুকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মো. রায়হান বয়স মাত্র বারো বছর। সৎমায়ের অমানবিক ও নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে আজ থেকে প্রায় সাত মাস আগে চুল কাটার কথা বলে মাত্র একশত টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল সে। এরপর সে আর নিজের বাড়িতে ফিরে যেতে পারেনি। দীর্ঘ সাত মাস নিখোঁজ থাকার পর অবশেষে সেই শিশুটিকে খুঁজে পাওয়া গেছে স্থানীয় চুনতি ইউনিয়নের সিরাত মাহফিল প্রাঙ্গণে। তবে তাকে যে অবস্থায় পাওয়া গেছে, তা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। ডান পা বিহীন অবস্থায় মাহফিলে ভিক্ষা করার সময় তাকে দেখতে পান স্থানীয় লোকজন।

অনুসন্ধানে জানা যায়, একটি সংঘবদ্ধ অপরাধী চক্র এই শিশুটিকে কৌশলে অপহরণ করে কিংবা অসহায়ত্বের সুযোগ নিয়ে তার ডান পা কেটে ফেলে এবং তাকে জোরপূর্বক ভিক্ষাবৃত্তিতে নামাতে বাধ্য করে। এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সমাজে সক্রিয় থাকা এসব শিশু পাচারকারী ও নির্যাতনকারী চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বলে সাংবাদিকদের জানান। এই নির্মম ঘটনার সাথে জড়িত কুচক্রী মহলটিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD