শনিবার, ০২ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

মা-ছেলে, পুলিশ ও আনসার সদস্যসহ সারাদেশে সড়কে ঝরলো ১২ প্রাণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ ১০:২৩ am

মহান বিজয় দিবসের আমেজের মাঝেও বিষাদের ছায়া নেমে এসেছে দেশের মহাসড়কে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কয়েক স্থানে পৃথক দুর্ঘটনায় পুলিশ ও আনসার সদস্যসহ ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে কুষ্টিয়ায় দুই পুলিশ কর্মকর্তা, সাতক্ষীরায় মা-ছেলে, সিলেটে পৃথক স্থানে ৩, কুমিল্লায় ১, সিরাজগঞ্জে ১, গোপালগঞ্জে ১, গাজীপুরের টঙ্গীতে ১ ও পদ্মা সেতুর শরীয়তপুর প্রান্তে ১জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত।

কুষ্টিয়ার ভেড়ামারা লালনশাহ সেতুর মুখে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পাবনা জেলায় কর্মরত ডিএসবির ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএস আই কায়েজ উদ্দিন নামের দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ জানান, দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে এসে কুষ্টিয়ামুখী সড়কে এ দুর্ঘটনার শিকার হন তারা। ওই দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।

এদিকে, কুমিল্লার চৌদ্দগ্রামে মিনি ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে ইব্রাহিম (৫০) নামের এক বাইকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই বাইকের আরোহী সালাউদ্দিন। তিনি নিহত ইব্রাহিমের স্ত্রীর বোনের ছেলে। নিহত ইব্রাহিম ঢাকা ডেমরার সারুলিয়া এলাকার ডগার পশ্চিম পাড়ার আবু তালেবের ছেলে।

অন্যদিকে, টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মো. তামিম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে তার সাথে থাকা আরও দুই বন্ধু। ভোরে স্থানীয় কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম গাজীপুরের পুবাইল থানার মারুফা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তার সঙ্গে থাকা আহত দুই বন্ধুর নাম ঠিকানা জানা যায়নি।

পারিবারিক বরাত দিয়ে পুলিশ জানায়, বন্ধুর নিমন্ত্রণে খেজুরের রস খেতে গাজীপুরে যাচ্ছিল তামিমসহ তিন বন্ধু। তারা কলেজগেট এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি গাড়ি তাদেরকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। গাড়ির ধাক্কায় দুই বন্ধু দুই দিকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং তামিম ঘটনাস্থলেই মারা যায়।

এদিকে, সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকের ধাক্কায় আকবর হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় তার স্ত্রী আহত হয়েছেন। তাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূয়াগাতী পল্লী বিদ্যুৎ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বলেন, সকালে আকবর হোসেন স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। তিনি ভূয়াগাতী পল্লী বিদ্যুৎ মোড়ে পৌছলে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আকবর হোসেন নিহত ও তার স্ত্রী আহত হন।

অপরদিকে, সিলেটের জৈন্তাপুরে সিলেট-তামাবিল সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন ও দুপুর ১২টার দিকে হরিপুর ৭ নম্বর কূপের সামনে হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আরেকজনের মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা এ তথ্য নিশ্চিত করেন। পৃথক ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

জৈন্তাপুর থানা ও হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে জিহাদ নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত জিহাদ (২০) নারায়াণগঞ্জ জেলার সদর উপজেলার হাজিগঞ্জ (পার্ট) গ্রামের নুরুল হক নূরার ছেলে। তিনি এশিয়া ট্রান্সপোর্ট পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-২৮৪৭) একটি বাসের হেলপার ছিলেন। এ ঘটনায় ওই বাসের আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

অন্যদিকে, দুপুর ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের হরিপুর ৭ নম্বর কূপের সামনে হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, দুপুর ১২টার সময় জৈন্তাপুর থানাধীন সিলেট গ্যাস ফিল্ডের ৭ নম্বর কুপের সামনে হাইয়েস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে হাইয়েস গাড়িটি রাস্তার পাশে চা দোকানে বসা ৭ নম্বর কুপে কর্মরত আনসার সদস্য মোস্তফা মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ওসমনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে পিকআপ চাপায় রহমত বিশ্বাস (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রহমত উপজেলার রাতইল ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাসুদ খান জানান, ভ্যান চালক রহমত বিশ্বাস কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজার থেকে এমনি গোপালপুর বাজারে যাচ্ছিলেন। গোপালপুরে ঢাকা খুলনা মহাসড়কে ওঠার সময় দ্রুতগামী একটি পিকআপ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক রহমত মারা যান।

অন্যদিকে, শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুতে থেমে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে তোফায়েল মিয়া (২৭) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১টার দিকে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সূত্র জানায়, ঢাকাগামী পদ্মা স্পেশাল পরিবহন হঠাৎ থেমে গেলে পেছনে থাকা ভাঙ্গাগামী বসুমতী পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন।

অপরদিকে, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ইজিবাইক, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মহাসড়কের ভৈরবনগর এলাকায় যাত্রীবাহী একটি মাহেন্দ্র, ইজিবাইক ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD