সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দেয়াল ঘড়ি প্রতীকের মুহাদ্দিস শেখ মো. সালাহ উদ্দিনকে নির্বাচিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ঐক্যের ডাক দিয়েছেন দলের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন, “কোনো অবস্থাতেই নির্বাচন বাতিল হতে দেওয়া যাবে না।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে সিংগাইর উপজেলার গোবিন্দলস্থ জামিয়া হাফসা বিনতে ওমর (রা.) বালিকা মাদরাসা সংলগ্ন মাঠে খেলাফত মজলিসের মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিরামপুর, মানিকগঞ্জ সদর দক্ষিণ অঞ্চল) শাখার আয়োজনে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. আহমদ আব্দুল কাদের বলেন, চাঁদাবাজিমুক্ত ও উত্তরাধিকার রাজনীতি বন্ধ করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, “যারা চাঁদাবাজি চান না, তাদের প্রতি আমার আহ্বান—সালাহ উদ্দিনকে এমপি নির্বাচিত করতে হবে।” তিনি আরও যোগ করেন, গোবিন্ধলের সকলকে ঐক্যবদ্ধভাবে প্রার্থীর পক্ষে কাজ করতে হবে এবং ঐক্যে যারা ফাটল ধরাতে চায়, তাদের প্রতিহত করতে হবে।
জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মুফতি আব্দুস শাকুর মাহমুদ কাসেমীর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রার্থী মুহাদ্দিস শেখ মো. সালাহউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির শায়খ মুফতি রশীদ আহমদ ফিরদাউস বিন ইসহাক, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা।
এছাড়া, সিনিয়র মুহাদ্দিস শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা রমজান মাহমুদ, ইব্রাহিম খলিল, মাও. মোহাম্মদ আলী জিন্নাহ (সভাপতি, জয়মন্টপ ইউনিয়ন), হাফেজ মো. দেলোয়ার হোসেন (হাটিপাড়া), মো. আব্দুল লতিফ ও মুক্তার হোসেন (ভাড়ারিয়া) এবং মাস্টার আ. হালিম (জার্মিত্তা ইউনিয়ন) সহ জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা প্রার্থীর সমর্থনে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মোটরসাইকেল শো-ডাউন করেন।