ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় লিফটের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য হাসপাতালের অবকাঠামোগত বিষয় দেখভালের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের মারাত্মক গাফিলতি ও অনিয়মকে সরাসরি দায়ী করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিটি প্রশাসক জানান, হাসপাতাল চত্বরের মতো একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জনবহুল স্থানে এই ধরনের অগ্নিকাণ্ড কোনোভাবেই সাধারণ ঘটনা হতে পারে না। দীর্ঘদিন ধরে গণপূর্ত বিভাগের অসাবধানতা ও কাজের প্রতি চরম অবহেলার কারণেই আজ এই বড় ধরনের ঝুঁকির মুখোমুখি হতে হয়েছে রোগী ও তাদের স্বজনদের। তিনি আরও উল্লেখ করেন যে, এই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি এবং এর পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো অনিয়ম লুকানো আছে কি না, তাও খতিয়ে দেখা দরকার।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর মধ্যেই হাসপাতাল ভবনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু রোগী এবং তাদের আত্দীয়-স্বজন জীবনের ঝুঁকি নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। এই ঘটনার পর পুরো হাসপাতাল চত্বরে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছে, শুধু সাময়িক তদন্ত নয়, বরং ভবিষ্যতে এ ধরনের মারাত্মক বিপর্যয় এড়াতে সংশ্লিষ্ট সকল বিভাগকে আরও বেশি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক আচরণ করতে হবে।
আরববাংলা টিভি/ডেস্ক