বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

ভৈরব নদে ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, সবাই উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫০ am

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক পদক্ষেপে ট্রলারে থাকা সব যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর রাত পৌনে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে যাত্রীদের নিয়ে ট্রলারটি ভৈরব নদ পার হচ্ছিল। এ সময় মাঝনদীতে একটি ফেরির সঙ্গে ট্রলারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মুহূর্তের মধ্যে ট্রলারটি পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা পানিতে ভেসে যান।

ঘটনার পরপরই স্থানীয় সাধারণ মানুষ ও নদে থাকা অন্যান্য নৌযানের মাঝিরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ট্রলারে থাকা ৩৫ থেকে ৪০ জন যাত্রীর সবাইকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

নদীতে চলাচলকারী নৌযানগুলোর বেপরোয়া গতি এবং সিগন্যাল অমান্য করার প্রবণতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। ঘন কুয়াশা বা রাতে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি আরও কঠোর করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ডেস্ক রিপোর্ট

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD