বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় ভাইভার নম্বর বৃদ্ধির সাম্প্রতিক সিদ্ধান্ত দেশের শিক্ষিত বেকার সমাজ এবং মেধাবী যুবকদের সঙ্গে এক ধরনের নিষ্ঠুর রসিকতা। এটি মূলত প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয় প্রভাব বিস্তার এবং নিজেদের লোকজনকে পুনর্বাসিত করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে সচেতন মহল। বৃহস্পতিবার এক বিবৃবিতে তিনি এই কঠোর মন্তব্য করেন এবং সরকারের এই ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য জোর দাবি জানান।
গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে যেভাবে দলীয়করণের মাধ্যমে মেধার চরম অবমূল্যায়ন করা হয়েছিল, বর্তমান প্রশাসনের কিছু পদক্ষেপ ঠিক সেই একই পথের অনুসরণ বলে মনে হচ্ছে। লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়িয়ে দেওয়ার ফলে দুর্নীতির সুযোগ বহুগুণ বৃদ্ধি পায়, যা শেষ পর্যন্ত যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে। নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার স্বার্থে ভাইভার নম্বর যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
তিনি দেশের গণমাধ্যমকে জানান যে, বর্তমান সময়ে রাষ্ট্র সংস্কারের যে প্রত্যাশা সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে, তা বাস্তবায়িত করতে হলে সরকারি চাকরিতে মেধার সর্বোচ্চ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে জনগণের কাঙ্ক্ষিত সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। অবিলম্বে এই বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করে একটি আধুনিক, যুগোপযোগী এবং শতভাগ দুর্নীতিমুক্ত নিয়োগ নীতিমালা প্রণয়নের জন্য তিনি সংশ্লিষ্ট মহলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
আরববাংলা টিভি/ডেস্ক