আমি এখন খাব কী? চলবে কী করে? নিজের পেনশনের টাকাও তুলতে পারব না। আমাকে কি এখন না খেয়ে থাকতে হবে? এমন প্রশ্ন তুলে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব জব্দের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর অব আখতারুজ্জামান রঞ্জন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের প্রশাসনিক পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার এক ফেসবুক লাইভে এসে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন এবং সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জনপ্রতিনিধির সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য হতে পারে না। নিজের পেনশনের ন্যায়সঙ্গত টাকা তুলতে না পারা এবং পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার মাধ্যমে তাঁকে চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরও যদি সাধারণ নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মৌলিক অধিকার এভাবে ক্ষুণ্ন হয়, তবে তা দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। দেশের বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের এমন স্বেচ্ছাচারী আচরণের তীব্র নিন্দা জানিয়ে তিনি দ্রুত তাঁর এবং তাঁর পরিবারের ব্যাংক হিসাব সচল করার জোর দাবি জানান, অন্যথায় কঠোর আইনি ও রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।
আরববাংলা টিভি