জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়াস্থ বাসভবনে বর্বরোচিত অগ্নিসংযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পিরোজপুরে একটি বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১১টায় স্থানীয় পুরোনো কালেক্টরেট ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পিরোজপুর জেলা শাখা ও এর বিভিন্ন সহযোগী সংগঠন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণের ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণের পর এখন জনপ্রতিনিধি ও ছাত্রনেতাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। কুষ্টিয়ায় এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশক্তি নেতার ওপর হামলার ঘটনা তারই ধারাবাহিকতা। বক্তারা অবিলম্বে এসব কাপুরুষোচিত হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
অনুষ্ঠিত এই মানববন্ধনে এনসিপির জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন নাগরিক সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে স্লোগান দেন। স্থানীয় সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে আয়োজকরা জানান, দেশের এই ক্রান্তিলগ্নে জনগণের অধিকার রক্ষা এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছে। যদি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে পিরোজপুরসহ সারাদেশে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তাঁরা হুশিয়ারি উচ্চারণ করেন।
আরববাংলা টিভি