দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৯০০ জন রোগী। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এডিস মশার বংশবিস্তার রোধে অবিলম্বে কার্যকর ও জোরালো পদক্ষেপ গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তর সাধারণ মানুষকে মশারি ব্যবহার এবং নিজেদের বাসস্থান ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা নিয়েও বিভিন্ন মহল থেকে সমালোচনা উঠেছে। চিকিৎসকরা বলছেন, সঠিক সময়ে রোগ শনাক্ত করে হাসপাতালে ভর্তি না হলে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বিশেষ করে ডেঙ্গুর হেমোরেজিক ফিভারের ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।
এদিকে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে স্বাস্থ্য খাতের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে আজও দেশের সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ফ্যাসিস্ট সরকারের ভুল নীতি এবং ডেঙ্গু দমনে কার্যকর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে আজ এই মরনব্যাধি মানুষের জীবন কেড়ে নিচ্ছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এবং চিকিৎসকদের ছুটি বাতিল করে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরববাংলা টিভি