সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত ১৯২টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ২৩ হাজার ২৭৪ জন যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ হঠাৎ করেই রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরের লজিস্টিক ও অপারেশনাল সক্ষমতার কারণ দেখিয়ে ফ্লাইট চলাচলে কড়াকড়ি আরোপ করে। এর ফলে বাংলাদেশ থেকে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্সসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থার নিয়মিত ফ্লাইটগুলো নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। ফলে দিন দিন যাত্রীদের দীর্ঘ লাইন ও অনিশ্চয়তা বৃদ্ধি পাচ্ছে।
এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে হঠাৎ করে এত বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় এবং ২৩ হাজারেরও বেশি যাত্রীর যাত্রা বিলম্বিত হওয়ায় বিমানবন্দর এলাকায় এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে ওমরাহযাত্রী এবং প্রবাসীরা নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পেরে গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এ ছাড়াও, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই বিমান খাতের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে যাত্রীরা অভিযোগ করে আসছিলেন, যা বর্তমান পরিস্থিতিতে আরও প্রকট হয়ে উঠেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান করা প্রয়োজন।
আরববাংলা টিভি