বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। মহান মুক্তিযুদ্ধের এই বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শনিবার সকাল ১০টায় যশোরের শার্শা উপজেলার কাশিপুর বিওপির সন্নিকটে অবস্থিত তাঁর সমাধিস্থলে বিজিবি’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পবিত্র রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে শহীদ নূর মোহাম্মদ শেখের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী ও স্থানীয় সহযোগীদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে বীরত্বের সঙ্গে লড়ে দেশমাতৃকার টানে জীবন উৎসর্গ করেছিলেন এই বীরশ্রেষ্ঠ। তাঁর এই আত্মত্যাগ দেশের তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের জানান বিজিবি কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক