সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাতবার্ষিকী অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে দিনটি উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার এবং তাঁর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
শনিবার সকালে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের মরহুমের মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশের বরেণ্য এই রাজনীতিবিদের স্মরণে বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এম সাইফুর রহমান বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় সফলভাবে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তাঁর হাতেই দেশের মুক্তবাজার অর্থনীতির ভিত মজবুত হয়েছিল। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেন, সাইফুর রহমান শুধু মৌলভীবাজারের নন, পুরো বাংলাদেশের উন্নয়নের এক ক্ষণজ্ম্মা পুরুষ ছিলেন। তাঁর অনুপস্থিতি দেশীয় রাজনীতি ও অর্থনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক