আগামী হজের নিবন্ধন ও সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে বাংলাদেশি হাজিদের সেবা নিশ্চিত করতে এবং যেকোনো জটিলতা এড়াতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
সম্প্রতি সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে ধর্মমন্ত্রী এই কথা জানান। তিনি বলেন, বিগত বছরগুলোতে হজের কার্যক্রমে যেসব চ্যালেঞ্জ তৈরি হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে এবার একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল হজ কার্যক্রম পরিচালনার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। সৌদি আরবের মক্কা ও মদিনায় হাজিদের আবাসন, পরিবহন এবং স্বাস্থ্যসেবা যেন আরও উন্নত হয়, সে বিষয়ে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত বৈঠক ও আলোচনা অব্যাহত রয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং হজ এজেন্সির প্রতিনিধিরা। তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি, এবার হজের খরচ যৌক্তিক পর্যায়ে রাখতে এবং কোনো ধরনের অনিয়ম রোধে কঠোর মনিটরিং সেল গঠন করা হবে। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করে একটি আধুনিক ও জনবান্ধব হজ ব্যবস্থাপনা উপহার দেওয়াই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, দেশের ধর্মপ্রাণ মুসলমানরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়া পবিত্র হজ পালন করতে পারেন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। হজ যাত্রীদের টিকিটিং ব্যবস্থা সহজ করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি অ্যারিয়ান এয়ারলাইন্সের সঙ্গেও আলোচনা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রী।
আরববাংলা টিভি/ডেস্ক