কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার দিবাগত মধ্যরাতে র্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ জহির (১৯)। তিনি উখিয়ার ময়নারঘোনা এলাকার বাসিন্দা এবং রোহিঙ্গা আশ্রয়শিবিরের অভ্যন্তরীণ অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জানিয়েছে আইনপ্রয়োগকারী সংস্থা। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে ক্যাম্প কেন্দ্রিক বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধ চক্রের তৎপরতা রোধে এই ধরনের সাঁড়াশি অভিযান আরও জোরদার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান র্যাব কর্মকর্তারা।
আরববাংলা টিভি/ডেস্ক