কাজের সন্ধানে বাংলাদেশ থেকে আট বছর আগে জাপানে গেছেন প্রকৌশলী আব্দুল। নিজ দেশের চেয়ে এখন এই পূর্ব এশীয় দেশটির জীবনযাপনের সঙ্গে বেশি অভ্যস্ত হয়ে উঠেছেন তিনি। কিন্তু জাপানে দীর্ঘমেয়াদে বসবাসকারী বিদেশিদের জন্য স্থায়ী আবাসনের নিয়ম আরো কঠোর করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এখন আব্দুলকে তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। দেশটির অভিবাসন নীতিতে আসছে এই কড়াকড়ি।
জাপানি নীতিনির্ধারকরা মনে করছেন, বর্তমান অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অভিবাসন ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও কঠোরতা আনা প্রয়োজন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করছেন, তাদের আইনি বাধ্যবাধকতা এবং কর পরিশোধের বিষয়টি আরও নিবিড়ভাবে খতিয়ে দেখা হবে। এই পরিবর্তনের ফলে শুধু বাংলাদেশিরা নন, বরং জাপানে বসবাসকারী অন্যান্য দেশের প্রবাসীরাও কিছুটা উদ্বেগের মধ্যে রয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, জাপান দীর্ঘদিন ধরে জনবল সংকটের কারণে বিদেশিদের প্রতি কিছুটা নমনীয় মনোভাব পোষণ করলেও, সামাজিক শৃঙ্খলা ও স্থানীয় সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিষয়টিতে এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রকৌশলী আব্দুলসহ অনেক প্রবাসী এখন অপেক্ষা করছেন নতুন আইনটির চূড়ান্ত রূপ দেখার জন্য, যা তাদের দীর্ঘqমেয়াদী বসবাসের স্বপ্নকে প্রভাবিত করতে পারে।
আরববাংলা টিভি/ডেস্ক