মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমাদের সবার প্রধান ও একমাত্র পরিচয় আমরা সবাই বাংলাদেশি। এই দেশ আমাদের সবার এবং এখানকার প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে।
তিনি আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, আদিবাসী, খ্রিষ্টান—এগুলো মূলত আমাদের ধর্মীয় ও ভৌগোলিক পরিচয়। কিন্তু এর ঊর্ধ্বে উঠে আমাদের সকলের সম্মিলিত এবং বড় পরিচয় হলো আমরা বাংলাদেশি। এই পরিচয় উচ্চারণ করলে দেশের সকল স্তরের মানুষকে একসঙ্গে বোঝা যায়।
বর্তমান গণতান্ত্রিক ও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রতিটি নাগরিকের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন যে, অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের জনগণের মধ্যে বিভাজন সৃষ্টির নানা অপচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে দেশের মানুষ সব ধরনের সংকীর্ণতা কাটিয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকা চলবে না। ঐক্য এবং শৃঙ্খলার মাধ্যমেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এই ঐক্য বজায় থাকলে কোনো অপশক্তিই দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন সমাজকল্যাণ মন্ত্রী।
আরববাংলা টিভি/ডেস্ক