শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

ফেনীতে ৪৪১ মিলিমিটার বৃষ্টি, মুহুরী নদীর বাঁধে ভাঙন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৩:২১ pm

গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৪৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি বছরে ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়া মুহুরী নদীর বাঁধে চারটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।

ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল সোমবার (৭ জুলাই) বিকেল ৬টা থেকে আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) এই বৃষ্টি রেকর্ড করা হয়।

টানা বৃষ্টির কারণে শহরের এসএসকে সড়ক, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। একটানা বৃষ্টিতে খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগে পড়েছেন।

সীমান্তবর্তী তিন নদী মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানিও বাড়ছে। আজ বিকেল ৪টা থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, মুহুরী নদী বাঁধের চারটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। স্থানগুলো হলো— জঙ্গলঘোনা (২টি স্থান), সাহেবনগর, দেড়পাড়া এবং গদানগর। এছাড়া ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়াসহ বিভিন্ন এলাকায় বসতবাড়িতেও পানি উঠেছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD