মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় আহত পুলিশ কর্মকর্তার মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:১৬ পূর্বাহ্ণ

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় আহত হওয়ার ১০দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পুলিশ কর্মকর্তা বিচিত্রা রানী বিশ্বাস (৪৬) মারা গেছেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক ছিলেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বিচিত্রা রানী বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা এলাকার বাসিন্দা। তিনি শরীয়তপুরের পালং উপজেলার বগাদী গ্রামের স্বপন নাথ শীলের স্ত্রী। তাদের দুই ছেলে সন্তান রয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ফরিদপুর সদরের মহিলা রোড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা সিআইডির উপপরিদর্শক বিচিত্রা রানী আহত হন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকাল ১০টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত বেদনার। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD