সিলেটের ওসমানীনগরে জমি ও বাড়ির মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের বিরোধ শেষ পর্যন্ত গড়িয়েছে আদালত পর্যন্ত। পৈতৃক সম্পত্তি এবং বসতবাড়ির দখল নিয়ে সৃষ্ট এই জটিলতা নিরসনে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়। স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো সুরাহা না হওয়ায় বিষয়টি আইনি লড়াইয়ের রূপ নেয়।
এ ঘটনায় আদালতে দায়ের করা স্বত্ব বাটোয়ারা মামলার পরিপ্রেক্ষিতে বিচারক বিরোধপূর্ণ জমিতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। আদালতের এই আদেশের বাস্তবায়নের অংশ হিসেবে পুলিশ ও সংশ্লিষ্ট কতৃপক্ষের উপস্থিতিতে বিরোধপূর্ণ বাড়িটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং সেখানে আদালতের নির্দেশিকা সংবলিত লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে এই সম্পত্তির দখল নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছিল। পরবর্তীতে আইনি পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আদালতের এমন পদক্ষেপে এলাকায় সাময়িকভাবে শান্তি ফিরে এলেও ভাইদের মধ্যকার এই পারিবারিক বিরোধ নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা চলছে। মামলার চূড়ান্ত রায় না আসা পর্যন্ত এই স্থাবর সম্পত্তির ওপর উভয় পক্ষের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক