সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থীর নিয়োগপত্র না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে ভুক্তভোগী ও মেধাবী প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র প্রদানের জোর দাবি করেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে চলা নিয়োগ প্রক্রিয়ায় চূড়ান্ত ধอপে উত্তীর্ণ হওয়ার পরেও শত শত প্রার্থী আজও তাদের প্রাপ্য নিয়োগপত্র হাতে পাননি। এই ধরনের বৈষম্যমূলক আচরণ ও অস্বচ্ছতা তরুণ সমাজের মেধার প্রতি চরম অবমূল্যায়নের শামিল। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল থেকেই বিভিন্ন নিয়োগে নানা অনিয়ম ও দুর্নীতির রাজত্ব কায়েম করা হয়েছিল, যার খেসারত আজও দেশের সাধারণ ও মেধাবী যুবসমাজকে দিতে হচ্ছে।
কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া বিভিন্ন দপ্তরে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ চক্র এখনো শিক্ষা খাতের মতো সংবেদনশীল জায়গায় ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা। তিনি সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়ায় উদ্ভূত সকল জটিলতা দূর করে স্বচ্ছতার সাথে যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে, অন্যথায় দেশের সচেতন ছাত্রসমাজ ও জনগণ অধিকার আদায়ের লক্ষে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
আরববাংলা টিভি/ডেস্ক