সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সাদাপাথর, পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬ ৬:৫২ pm

অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া।

আজ সকালে হঠাৎ করেই সাদাপাথর এলাকার মূল জিরো পয়েন্ট, ভাসমান দোকান এলাকা এবং পর্যটকদের চলাচলের বিস্তীর্ণ অংশ পানির নিচে তলিয়ে যায়। এতে সকাল থেকেই সাদাপাথর নৌঘাট থেকে পর্যটকবাহী কোনো নৌকা জিরো পয়েন্টের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। ফলে দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা চরম ভোগান্তিতে পড়েন এবং মূল স্পট না দেখেই তাদের ফিরে যেতে হয়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত থেকে কোম্পানীগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি হচ্ছে। একই সময়ে ভারতের মেঘালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে সীমান্তবর্তী নদীগুলোতে পাহাড়ি ঢল নেমেছে। এতে সাদাপাথর পর্যটনকেন্দ্রের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।

পাহাড়ি ঢলের পানিতে পর্যটনকেন্দ্রের ভাসমান দোকানপাটও ডুবে গেছে। এতে ব্যবসায়ীদের লকার, চেয়ার, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বা স্রোতে ভেসে গেছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের কারণে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিরাপত্তার স্বার্থে রোববার সকাল থেকে খেয়াঘাট থেকে সাদাপাথরের উদ্দেশে কোনো নৌকা চলাচল করতে দেওয়া হয়নি। সর্বশেষ শনিবার পর্যটকেরা সেখানে ভ্রমণ করেন। পরিস্থিতি বিবেচনায় রোববার থেকে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।

ইউএনও মোহাম্মদ রবিন মিয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সাদাপাথরে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। স্রোতের তীব্রতা কমে গেলে এবং আবহাওয়া অনুকূলে এলে পর্যটনকেন্দ্রটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD