শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ঐতিহাসিক নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে। বাঙালি জাতির মুক্তি সংগ্রাম ও গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার এক যুগান্তকারী পদক্ষেপে এই উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
এনসিটিবি সূত্রে গণমাধ্যমকে জানানো হয়েছে, কেবল এই নিবন্ধটিই নয়, এর পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে তার ব্যবহৃত তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির প্রামাণিক ছবিও বইয়ে যুক্ত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রণীত নতুন পাঠ্যপুস্তকে এই ঐতিহাসিক দলিলগুলো স্থান পাবে, যা শিক্ষার্থীদের দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় উদ্বুদ্ধ করতে অনন্য ভূমিকা পালন করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট শিক্ষাবিদরা।
অতীতে পাঠ্যপুস্তক থেকে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার বহু অপচেষ্টা চালানো হয়েছিল, বিশেষ করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ইতিহাসের অনেক সত্য লুকিয়ে রাখা হয়েছিল। তবে বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো জাতীয় বীরদের অবদান নতুন প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিক্ষাবিদেরা। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের প্রকৃত ইতিহাস জানতে পারবে এবং জাতির বীর সন্তানদের আত্মত্যাগ সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে সক্ষম হবে।
আরববাংলা টিভি/ডেস্ক