এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সোনালী স্বপ্ন বুকিত বেঁধে ঢাকায় এসে কোচিং করছিলেন কুড়িগ্রামের কৃতি সন্তান ২০ বছর বয়সী শাকিবুল ইসলাম তন্ময়। কিন্তু ডেঙ্গু নামক ভয়াল জ্বর তার সমস্ত স্বপ্ন কেড়ে নিয়েছে। রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেছেন তিনি। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবুড়ে শোকের মাতম চলছে।
গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ সমাজ এই মশাবাহিত রোগের শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন। শাকিবুল ইসলাম তন্ময়ও এর ব্যতিক্রম ছিলেন না। ঢাকায় এসে একটি খ্যাতনামা কোচিং সেন্টারে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। হঠাৎ করেই তীব্র জ্বর ও শারীরিক দুর্বলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যান এই মেধাবী শিক্ষার্থী।
তন্ময়ের এমন আকস্মিক প্রয়াণে তার সহপাঠী ও শিক্ষকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা বারবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর জোর দিলেও শহরজুড়ে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হচ্ছে না। তন্ময়ের মতো সম্ভাবনাময় তরুণদের এমন মৃত্যু দেশবাসীর মনে গভীর দাগ কেটে যাচ্ছে। ডেঙ্গু মোকাবেলায় আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।
আরববাংলা টিভি/ডেস্ক