নারীর অধিকার আদায়ের পাশাপাশি নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা এমপি। তিনি বলেন, শুধু নারীর অধিকার নিয়ে চিৎকার করলে হবে না; নারীর অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে হবে।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক গুরুত্বপূর্ণ নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সমসাময়িক সামাজিক প্রেক্ষাপট এবং দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, একটি সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে নারীদের যেমন তাদের অধিকার সম্পর্কে সজাগ থাকতে হবে, ঠিক তেমনি পারিবারিক ও সামাজিক দায়িত্বগুলোর প্রতিও সমানভাবে যত্নশীল হতে হবে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট নারী নেত্র্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা এবং তাদের অধিকার সুরক্ষায় ইসলাম প্রদত্ত বিধান অনুসরণের ওপর বিশেষ জোর দেন। বর্তমান গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে দেশের অর্থনীতি ও রাজনীতিতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে এমন আয়োজন অত্যন্ত সময়োপযোগী বলে জানান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের সাধারণ মানুষসহ নারীরা চরম বৈষম্যের শিকার হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের নানামুখী নিপীড়নের কারণে নারীরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই দুঃশাসনের অবসান ঘটিয়ে আজ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।
সভায় অংশগ্রহণকারী নারী সমাজ নিজেদের অধিকার সচেতনতার পাশাপাশি দেশের উন্নয়নে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরববাংলা টিভি/ডেস্ক