সরকার ঘোষিত জ্বালানি তেলের নতুন দাম কার্যকরের ঠিক আগে পাম্প বন্ধ রাখা এবং আগের দামে তেল বিক্রির দাবিকে কেন্দ্র করে নীলফামারীর ডিমলা উপজেলায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, তেলের নতুন মূল্য নির্ধারণের আগের রাতে ফিলিং স্টেশন বন্ধ রাখার প্রতিবাদ করায় এবং আগের দামে তেল বিক্রির অনুরোধ জানালে পাম্প মালিক ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে গ্রাহকদের ওপর চড়াও হন। এ সময় পাম্প মালিকের অতর্কিত হামলায় অন্তত দুজন সাধারণ গ্রাহক গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের নাম মাহবুবুর রহমান এবং অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, কোনো যৌক্তিক কারণ ছাড়াই পাম্প কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছিল এবং সাধারণ মানুষের ওপর এমন হামলা অত্যন্ত অমানবিক। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় জনতা অভিযুক্ত পাম্প মালিকের শাস্তির দাবি জানিয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জ্বালানি তেল নিয়ে কারসাজি এবং সাধারণ গ্রাহকদের ওপর হামলার এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
আরববাংলা টিভি/ডেস্ক