শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

‘জেলার ২’-এর গানে আলোচনায় কে এই অভিনেত্রী?

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ

২০২৩ সালে মুক্তির পর বক্স অফিসে দারুণ সাফল্য পায় ‘জেলার’। নেলসনের সিনেমাটির নাম ভূমিকায় বিপুল প্রশংসা পান তামিল সুপারস্টার রজনীকান্ত। তিন বছর পর এবার আসছে সিনেমাটির সিক্যুয়েল ‘জেলার ২’।

মুক্তি উপলক্ষে শুরু হয়েছে প্রচারণা, তারই অংশ হিসেবে অন্তর্জালে এসেছে প্রথম গান ‘আলা বোলেলো’। দক্ষিণ ভারতের অন্যতম উৎসব ‘ওনম’-এর আবহে গানটি বানিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর, গেয়েছেনও তিনি। প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছে গানটি। কথা না বুঝলেও অনেক দেশের দর্শক গানটি উপভোগ করছেন।

গানের অন্যতম আলোচনার বিষয়ে পরিণত হয়েছে এর কোরিওগ্রাফি ও নাচ। গানের তালে আকর্ষণীয় ছন্দে নেচে আলোটা নিজের দিকে টেনে নিয়েছেন অভিনেত্রী শামনা কাসিম। রজনীকান্তের সঙ্গে পারফর্ম করে এখন তিনি চর্চার কেন্দ্রে।

সেই থেকে অনেকের মনে প্রশ্ন জাগছে, এই শামনা কাসিম আসলে কে? তার সম্পর্কেই কিছুটা জেনে নেওয়া যাক…

শামনা কাসিমের জন্ম কেরালার কান্নুরে। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার ভীষণ আগ্রহ। সেই আগ্রহ থেকেই শোবিজে আসা। অভিনয়ের শুরুটা বেশ আগে, ২০০৪ সালে মালায়ালাম সিনেমা ‘মঞ্জু পলোরু পেংকুট্টি’ দিয়ে অভিষেক। তবে সেটা ছিল স্বল্প সময়ের উপস্থিতি। বড় চরিত্রে প্রথম সুযোগ পান তেলুগু সিনেমা ‘শ্রী মহালক্ষ্মী’ (২০০৭)-এ। আর প্রথমবার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন তামিলে ‘মুনিয়ান্দি বিলাঙ্গিয়াল মুনরামান্ডু’ (২০০৮)-এ।

সেই থেকে নিয়মিত অভিনয় করে চলেছেন শামনা কাসিম। তামিলে ‘দ্রোহী’, ‘আডু পুলি’, ‘থাগারারু’ ও ‘সাভারাকাথি’সহ বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়া আলোচিত ‘থালাইভি’ সিনেমায় শশিকলার চরিত্রে অভিনয় করেছেন শামনা।

‘জেলার ২’ সিনেমায় তিনি কেবল এই একটি গানেই অংশ নিয়েছেন। আর তাতেই যেন আলোটা কেড়ে নিলেন অভিনেত্রী।

এর আগে ‘জেলার’ সিনেমার ড্যান্স নাম্বার ‘কাবালা’য় পারফর্ম করে উপমহাদেশে ঝড় তুলেছিলেন তামান্না ভাটিয়া। সেই গান অন্তর্জালে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।

উল্লেখ্য, ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্তের সঙ্গে আছেন রম্যা কৃষ্ণন, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মির্না, যোগী বাবু প্রমুখ। সিনেমাটিতে অতিথি চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশনকে। সান পিকচার্স প্রযোজিত সিনেমাটি মুক্তি পাবে ১৫ অক্টোবর।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD