মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে জীবিকা সংকটে পড়া জেলেদের মানবিক সহায়তায় ভোলার চরফ্যাশনে চাল বিতরণ শুরু হয়েছে। বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার ৩৫ হাজার ৬৫৬ জন প্রান্তিক জেলে ও মাঝি-মাল্লার জন্য জনপ্রতি ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।
সরকারের এই সময়োপযোগী পদক্ষেপে নদীনির্ভর উপকূলীয় অঞ্চলের হতদরিদ্র পরিবারগুলো বড় ধরনের দুর্ভোগ থেকে রক্ষা পাচ্ছে। নিষিদ্ধ সময়ে জেলেরা যাতে কোনোভাবেই নদীতে নেমে আইন অমান্য না করেন এবং জীবিকার তাগিদে কষ্টে না পড়েন, সেজন্য সরকারের পক্ষ থেকে নিয়মিত এই খাদ্য সহায়তা নিশ্চিত করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই বিতরণ কার্যক্রম তদারকি করছে।
এদিকে সংশ্লিষ্টরা বলছেন, ইলিশ সম্পদ রক্ষায় সরকারের এই কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেরাও এখন অনেকটাই সচেতন। তবে নিবন্ধিত জেলেদের পাশাপাশি অনেক প্রকৃত জেলে তালিকাভুক্ত না হওয়ায় কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কোনো প্রকৃত জেলে যাতে সহায়তা থেকে বাদ না পড়েন, সে বিষয়ে তারা সজাগ রয়েছে এবং পর্যায়ক্রমে সকলের মাঝে এই চাল বিতরণ সম্পন্ন করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক