রাজবাড়ীতে নিখোঁজের চারদিন পর নিজ বাড়ির অদূরে একটি বাগানের পাশের ডোবা থেকে ফুয়াদ চৌধুরী রোহান (২১) নামের এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের দাদপুর এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফুয়াদ চৌধুরী রোহান ওই এলাকার মৃত ফারুক চৌধুরীর ছেলে। গত চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনতে তদন্ত শুরু হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক