আগামী বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ বা ইউপি নির্বাচন আয়োজনের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচনের প্রস্তুতি ও সম্ভাব্য পরিকল্পনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা জানান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের পর নির্বাচন কমিশনের অন্দরে নানামুখী আলোচনা শুরু হয়েছে। মাঠপর্যায়ের বাস্তবতা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ইউপি নির্বাচন আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইসি সচিবালয় সূত্রে জানা গেছে।
এদিকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন কমিশন বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন সময়মতো সম্পন্ন করতে বদ্ধপরিকর। বিশেষ করে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলের বিভিন্ন অনিয়ম ও স্থানীয় প্রশাসনের দলীয়করণের বিষয়টি মাথায় রেখে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে বর্তমান কমিশনের সামনে।
ইসি সচিব আরও জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ এবং আইনি বাধ্যবাধকতাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন আয়োজনের লজিস্টিক প্রস্তুতি এবং মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে প্রাথমিক আলোচনাও শুরু হয়েছে। সময়মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আরববাংলা টিভি/ডেস্ক