বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

ছয় ইংলিশ ক্লাবের কাছে রিয়ালের আর্থিক ক্ষতিপূরণ দাবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ

প্রায় সাড়ে পাঁচ বছর আগে বিশ্বফুটবলে এক অভূতপূর্ব উত্তেজনার জন্ম দিয়েছিল ইউরোপিয়ান সুপার লিগ বা ইএসএল প্রতিষ্ঠার ঘোষণা। সমর্থক ও ক্লাবগুলোর তীব্র বিরোধিতায় আলোর মুখ দেখার আগেই ভেস্তে যাওয়া সে প্রকল্প নিয়ে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। তৎকালীন সময়ে এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে বিভিন্ন চাপের মুখে হঠাৎ করেই প্রকল্পটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ছয়টি ক্লাব। এই আকস্মিক দলত্যাগের কারণে বড় ধরনের আর্থিক ও বাণিজ্যিক ক্ষতির মুখে পড়েছিল রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ এই জায়ান্ট ক্লাবটি এখন সেই ক্ষতি পুষিয়ে নিতে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্র এবং ক্রীড়া সাংবাদিকদের জানান হয়েছে যে, ওই ছয়টি ইংলিশ ক্লাবের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। চুক্তিভঙ্গ এবং বাণিজ্যিক ক্ষতির অভিযোগে নির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ফুটবল বিশ্বের অন্যতম প্রভাবশালী এই ক্লাবটির এমন পদক্ষেপে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে ইউরোপের ক্লাব ফুটবলে।

ফুটবল বিশ্লেষকদের মতে, সুপার লিগের মূল উদ্যোক্তা হিসেবে রিয়াল মাদ্রিদ শুরু থেকেই এই প্রকল্পটি বাস্তবায়নে অনড় ছিল। কিন্তু ইংল্যান্ডের ক্লাবগুলোর শেষ মুহূর্তের পিছু হটার কারণে পুরো পরিকল্পনাটি ভেস্তে যায়, যার ফলে টেলিভিশন সম্প্রচার স্বত্ব এবং স্পন্সরশিপের ক্ষেত্রে বড় ধরনের লোকসানের মুখে পড়ে ক্লাবগুলো। এখন দেখার বিষয়, আইনি লড়াইয়ের এই নতুন মোড়ে ইংলিশ ক্লাবগুলো কীভাবে জবাব দেয় এবং ফিফা বা উয়েফা এই পরিস্থিতিতে কী ধরনের ভূমিকা পালন করে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD