দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হলে জাতীয় শিক্ষাব্যবস্থাকে ইসলামের শিক্ষা ও আদর্শের আদলে বিজ্ঞানভিত্তিক হিসেবে সাজাতে হবে। সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত, শান্তি শৃঙ্খলায় সমৃদ্ধ ও জনকল্যাণমূলক করতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে শরীয়া আইন বাস্তবায়ন করতে হবে। ইসলামী ঐক্য আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা রক্ষা এবং নৈতিক অবক্ষয় রোধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ। তারা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে না পারলে জাতীয় অগ্রগতি বাধাগ্রস্ত হবে। অতীতে বিভিন্ন সময়ে দেশের শিক্ষানীতিতে নানা পরীক্ষানিরীক্ষা চালানো হলেও কাঙ্ক্ষিত ফল আসেনি। এমনকি স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার বহুমুখী ষড়যন্ত্র করা হয়েছিল বলেও অভিযোগ করেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, একটি বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে ইসলামী অনুশাসনের কোনো বিকল্প নেই। রাষ্ট্রীয় প্রতিটি স্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি নির্মূল করতে হলে ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় এই সভা থেকে।
আরববাংলা টিভি/ডেস্ক