রাজশাহীর গোদাগাড়ীতে ধানক্ষেত থেকে শিহাব আলী (১৬) নামের এক কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিতেই তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাাহীনতা বিরাজ করছে।
নিহত শিহাব আলী গোদাগাড়ী পৌরসভার বারইপাড়া মহল্লার সোহেল রানার ছেলে। দরিদ্র পরিবারের এই কিশোর পরিবারের সচ্ছলতা আনতে দিনে অটোরিকশা চালাতো। ঘটনার দিন সে রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে স্থানীয়রা ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিহতের মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত ছিনতাইজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা তার রিকশাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করে ধানক্ষেতে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনার মূল রহস্য উদঘাটন এবং এর সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারে জোরালো তদন্ত শুরু করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক