কুমিল্লার ১৮টি থানায় গত বুধবার রাতে এক বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ৬২৪ জনকে কিশোর গ্যাং সন্দেহে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তরুণ প্রজন্মের অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানান।
অভিযান শেষে আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই করে মুচলেকায় ৪৫১ জনকে তাদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সুনির্দিষ্ট মামলায় বাকি ১৭৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোর অপরাধ দমনে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি/ডেস্ক