অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতাল থেকে ঢাকার পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে তাকে ঢাকায় নিয়ে আসা হয়। সেখানে পৌঁছানোর পর তাকে দ্রুত চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়।
এর আগে গত বুধবার রাতে হঠাৎ অসুস্থবোধ করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে উন্নত চিকিৎসার প্রয়োজনে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরিবারের সদস্য ও চিকিৎসকদের সম্মিলিত সিন্ধান্তের পর আজ সকালে তাকে আকাশপথে ঢাকায় আনা হয়। বর্তমানে পিজি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা কার্যক্রম চলছে।
এদিকে ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দেশের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দোয়া ও মোনাজাত করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং আশা করা হচ্ছে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।
আরববাংলা টিভি/ডেস্ক